উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ভিডসে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজের মতো দেখতে এবং নিজের কণ্ঠে কথা বলা ডিজিটাল এভাটার তৈরি করতে পারবেন। এর জন্য কেবল একটি সেলফি ও স্বল্প সময়ের ভয়েস রেকর্ডিং আপলোড করতে হবে।
গুগলের সর্বশেষ আপডেটে যুক্ত হয়েছে জেমিনি ওমনি মডেল। এটি লিখিত নির্দেশনা এবং রেফারেন্স ছবি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে পারে। এছাড়া ভিডিওর পেছনের দৃশ্য পরিবর্তন, আলো সমন্বয় এবং বিভিন্ন ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করার সুবিধাও থাকছে। ধাপে ধাপে সম্পাদনার সুযোগ থাকায় পুরো ভিডিও নতুন করে তৈরি করার ঝামেলা থাকবে না।
প্রাথমিকভাবে অফিসের উপস্থাপনা তৈরির টুল হিসেবে চালু হলেও, নতুন ফিচারের মাধ্যমে গুগল ভিডসকে একটি পূর্ণাঙ্গ এআই ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর ফলে ব্যবসা, প্রশিক্ষণ, শিক্ষা এবং কনটেন্ট নির্মাতাদের জন্য মানসম্মত ভিডিও তৈরি আরও সহজ হবে। এই উদ্যোগের মাধ্যমে হেইজেন, সিন্থেসিয়া, ক্যাপশনস এবং ডি-আইডি-এর মতো এআই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে গুগল।
নিরাপত্তার স্বার্থে প্রতিটি ব্যক্তিগত এভাটার সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি এআই-নির্মিত ভিডিওতে অদৃশ্য 'সিন্থআইডি' ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করা হবে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি অঞ্চলের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন, যা পর্যায়ক্রমে বিশ্বজুড়ে উন্মুক্ত করা হবে।