উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় কামারপাড়ার ফুলবাড়িয়া বস্তিতে নিজের সাত মাস বয়সী শিশুসন্তান রাফা মনিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন বাবা কবির হোসেন। গুরুত্বর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শিশুটির মা লিমা আক্তার জানান, পেশায় রিকশাচালক কবির হোসেনের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় তার বাগবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির লিমা আক্তারের কোল থেকে তাদের একমাত্র সন্তান রাফা মনিকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। লিমা আক্তারের অভিযোগ, তার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাদকাসক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে তাদের সংসারে প্রায়ই কলহ হতো।ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘাতক বাবা কবির হোসেনকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কবির হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। ঘটনার পর তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পুলিশ বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করছে।নির্দোষ এক শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি কলহপূর্ণ দাম্পত্য জীবনের চরম মূল্য দিতে হলো নিষ্পাপ শিশু রাফা মনিকে। আইনের আওতায় এনে ঘাতক বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।