উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক ঘটনায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ও দন্ডপাল ইউনিয়নে এ দুটি হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহতরা হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মো. মামুন ইসলাম (৩০)। তিনি খাদিমুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তি দন্ডপাল ইউনিয়নের মৌমারী শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)। তিনি মৃত লালচাঁন খানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে, একই দিন দন্ডপাল ইউনিয়নের মৌমারী শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় নিহত দুই কৃষকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা পেতে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বজ্রপাতের সময় খোলা মাঠ, কৃষিজমি বা উঁচু স্থানে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।