উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সাধারণ মানুষের বয়কট ডাকের মুখে গত বছর ইসরায়েলে সরাসরি কোনো তেল রপ্তানি করেনি ব্রাজিল। মঙ্গলবার (১৪ জুলাই) সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ব্রাজিলের জাতীয় পেট্রোলিয়াম এজেন্সির (এএনপি) ২০২৬ সালের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইসরায়েলে দেশটির তেল রপ্তানির হার ছিল শূন্য শতাংশ। ইসরায়েলবিরোধী আন্তর্জাতিক সংগঠন বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশনস) এই ঘটনাকে তাদের আন্দোলনের একটি বড় বিজয় হিসেবে দেখছে। সংগঠনটি জানায়, ব্রাজিল সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাধারণ মানুষ ও শ্রমিক সংগঠনগুলোর ধারাবাহিক চাপের ফলেই এই সিদ্ধান্ত এসেছে।
এক বিবৃতিতে বিডিএস জানায়, সরাসরি তেল রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত ইসরায়েলি অপরাধের অংশীদার না হওয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। তবে তারা সতর্ক করে বলেছে, সরাসরি সরবরাহ বন্ধ হলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ব্রাজিলের তেল ইসরায়েলে পৌঁছেছে। আপাতত সরাসরি রপ্তানি বন্ধের সাফল্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তৃতীয় পক্ষের মাধ্যমে তেল সরবরাহ বন্ধ করারও প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।