উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও এন্টারপ্রাইজ প্রযুক্তিকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছে। একইসঙ্গে আগামী এক বছরের মধ্যে কর্মসংস্থান দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (১২ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত বিটোপিয়া অ্যানুয়াল প্ল্যানিং ২০২৬-২৭ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিভিন্ন ব্যবসা ইউনিটের কৌশলগত পরিকল্পনা, বাজেট ও কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) অনুমোদন করা হয়েছে।
২০১৩ সালে ফ্রিল্যান্সিং কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করা বিটোপিয়া গ্রুপ বর্তমানে ২২টি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত হচ্ছে। প্রায় পাঁচ হাজার কর্মী বিশ্বের ৮০টির বেশি দেশের গ্রাহকদের সফটওয়্যার উন্নয়ন, ক্লাউড সেবা, আইটি আউটসোর্সিং, বিপিও, ডিজিটাল মার্কেটিং ও এআইভিত্তিক সেবা দিচ্ছেন। গ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
সম্মেলনে চেয়্যারপারসন সাবিনা আক্তার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঘোষণা দেন। এছাড়া, সফটভেন্স আইটি লিমিটেডের সিইও হিসেবে মোহাম্মদ নাসির এবং বিটোপিয়া লিমিটেডের সিইও হিসেবে গৌরব কৃষ্ণ গুপ্তকে নিয়োগ দেওয়া হয়েছে। আবদুল্লাহ আল আলামিনকে গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) করা হয়েছে।
অনুষ্ঠানে ‘বিটোপিয়া সিটি’ নামে একটি প্রযুক্তি নগরী গড়ে তোলার পরিকল্পনাও উপস্থাপন করা হয়। এতে ডেটা সেন্টার, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ নতুন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের কাজ চলছে। এই দীর্ঘমেয়াদী যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভিশন ২০৩০ কাজ করবে।