উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশজুড়ে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মুখে সংসদে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আবহাওয়া অফিস, জেলা প্রশাসক এবং ইউএনওদের সঙ্গে কথা বলে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরীক্ষা সচল রাখা হয়েছিল। তিনি দাবি করেন, শুধুমাত্র কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্র ছাড়া দেশের অন্য সব কেন্দ্রে পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কারণে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো হয় এবং পরবর্তীতে কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।গত সোমবারের প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তির জেরে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হলেও, অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চালু রয়েছে।