উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ হালুয়াঘাটে সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতান রেজী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় ইউএনও ফয়সাল আহমদ বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা দেখা দিলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আগাম রেসকিউ বোটের ব্যবস্থা করা হবে। দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনা খাবার মজুত রাখা হবে এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, যাতে পানিবাহিত রোগের বিস্তার রোধ করা যায়। এ বিষয়ে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।তিনি আরও বলেন, বন্যার সময় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন দেখা দিলে দ্রুত এসব আশ্রয়কেন্দ্র চালু করে ক্ষতিগ্রস্ত মানুষকে সেখানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।সভায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতান রেজী বলেন, সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কার করা হয়েছে। ফলে অতিবৃষ্টি হলেও দীর্ঘ সময় পানি জমে থাকার আশঙ্কা অনেকটাই কমবে বলে আশা করছি। এ সময় দুর্যোগকালীন সময়ে প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং জনগণকে সতর্ক ও সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।