উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।সোমবার (১৩ জুলাই ২০২৬) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।সরজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজ হাতে একটি চারা টব থেকে তুলে ধরে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণের বার্তা দেন। এসময় তার পাশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে করতালির মাধ্যমে কর্মসূচিকে স্বাগত জানান।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও পরিবেশ দূষণ থেকে দেশকে রক্ষা করতে হলে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। খালপাড়, রাস্তার ধার ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে।"তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "শুধু চারা রোপণ করলেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। প্রতিটি চারা যেন বড় গাছে পরিণত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।"অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিজ এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের অঙ্গীকার করেন। বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী এলাকার উন্নয়ন ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।