উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর প্রধান কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে: গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা ঐতিহাসিক সরিকল খালের পাশে বৃক্ষরোপণ করবেন। জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকাতেও তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। বিকেলের দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী দিনভর বরিশালের নির্ধারিত সব কর্মসূচি শেষ করে আজ সোমবার সন্ধ্যায় আবার সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন।