উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
"পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ আগামী"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি সেবার পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা, ডা. ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস বেগম।এছাড়াও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাহিদুর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা মনিকা মণ্ডল, পরিবার কল্যাণ সহকারী সাবেরা খাতুনসহ উপজেলা পরিবারের পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।আলোচনা সভায় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করা, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানো, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনসংখ্যাকে দেশের উন্নয়নের শক্তিতে রূপান্তর করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়। সেবা প্রদানে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয় তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় তিলডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। পরে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ কর্মীদের হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।