উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম বন্যাকবলিত এলাকাগুলোতে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধপত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি জোরদার করা হয়েছে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম।শনিবার সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন এবং ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের যৌথ উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন উপদ্রুত এলাকায় দিনব্যাপী এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।সেনাবাহিনী চট্টগ্রামের সমতল ও পার্বত্য অঞ্চলের একটি বড় অংশ জুড়ে তাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বিস্তৃত করেছে: চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, আনোয়ারা, বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা।পানিবন্দী হাজারো পরিবারের মাঝে শুকনো খাবার, চাল-ডালসহ প্রয়োজনীয় নিত্যপণ্য এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। বন্যাপরবর্তী পানিবাহিত রোগ বালাই প্রতিরোধে বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপন করে কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও জনগণের সাথে সমন্বয় করে দুর্গতদের পুনর্বাসনেও কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা।