উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আজ দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান এবং 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি পরিবারটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ফাতেমা তুজ জোহরাকে একটি উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এই শোক কাটিয়ে ওঠার আগেই মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তাঁর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের শরীরে ক্যান্সার ধরা পড়ে। এর মাত্র সাত মাস পর তিনি তাঁর স্বামীকেও হারান। স্বল্প সময়ের ব্যবধানে স্বামী ও এক সন্তানকে হারিয়ে এবং অন্য সন্তানের ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি চরম অর্থনৈতিক ও মানসিক সংকটে নিমজ্জিত হয়।পরিবারটির এই চরম সংকটের দিনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁদের পাশে দাঁড়ান। তাঁর নির্দেশ ও সার্বিক সহযোগিতায় জিসানের ব্যয়বহুল চিকিৎসা কার্যক্রম শুরু হয়। তৎকালীন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সরাসরি তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা শুরু হয়েছিল।তখন থেকেই জনাব তারেক রহমান নিয়মিত জিসানের স্বাস্থ্যের খোঁজখবর রাখতেন এবং তাঁরই প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ অব্দি জিসানের চিকিৎসার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ ও সহায়তার জন্য ফাতেমা তুজ জোহরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।