উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সোমবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক চলাকালে সৌদি রাষ্ট্রদূত যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র সংবলিত একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।আমন্ত্রণপত্র হস্তান্তরের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, এই সফরের মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উচ্চপর্যায়ের যোগাযোগের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার ও গতিশীল হবে।