উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
'হুল' মানে শুধু বিদ্রোহ নয়, অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস। সেই চেতনাকে ধারণ করেই নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছীতে নানা আয়োজনে পালিত হয়েছে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস (হুল দিবস)।মঙ্গলবার (৩০ জুন) জাতীয় আদিবাসী পরিষদ, পোরশা উপজেলা শাখার উদ্যোগে সারাইগাছী মোড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।দিবসের শুরুতে সারাইগাছী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী নারী-পুরুষ, যুবক-যুবতী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণকারীদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ, সিধু, কানহু, চাঁদ ও ভৈরবের অসীম সাহসিকতা এবং আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মহান সাঁওতাল বিদ্রোহ ছিল উপমহাদেশের অন্যতম বৃহৎ গণঅভ্যুত্থান, যা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর আত্মমর্যাদা রক্ষার সংগ্রামের প্রতীক।বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে হুল বিদ্রোহের ইতিহাস তুলে ধরতে হবে। একই সঙ্গে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।উক্ত স়ভায় মেরিনা মুর্মুর সভাপতিত্বে এবং আইচন পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রোম, প্রেসিডিয়াম সদস্য মহেন্দ্র পাহান, নবদ্বীপ লাকড়া সাবেক যুব জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় যুব জাতীয় আদিবাসী পরিষদের সাবিত্রী হেমব্রোম, পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র পাহান এবং কেন্দ্রীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি অনিল গজাড়।এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ পোরশা শাখার সভাপতি নিরেন পাহান, নিতপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্রনাথ শিং, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের সভাপতি ভাদয়া হাসদা, ঘাটনগর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক বুধা লাকড়া, ছাওড় ইউনিয়নের আদিবাসী নেতা পরিমল, খোকা তিগ্যাসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষ পর্বে মহান সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সবাই তাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানিয়ে হুলের চেতনাকে ধারণ করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।