উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় এবং বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LASEP)-এর অর্থায়নে এবং বারহাট্টা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।আতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মোশাহিদুর রহমান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণির মোট ১৫টি গাছ রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. মোশাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বে জলবায়ুর বিরূপ প্রভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীভাঙন, অনিয়মিত আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। নির্মল বায়ু ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিটি মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।তিনি আরও জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান করে আসছে। ১৯৯৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাইন উদ্দিন আহমেদ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ অর্জন করেছে। বর্তমানে বিদ্যালয়ে ৩২৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আরও একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. দেলোয়ার হোসেন, শিক্ষক সারোয়ার হোসেন উজ্জ্বলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন।অপরদিকে একই দিনে বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, জীববৈচিত্র্য ও নিরাপদ পৃথিবীরও নিশ্চয়তা বহন করে।বারহাট্টার দুই শিক্ষা প্রতিষ্ঠানের এই উদ্যোগ প্রমাণ করেছে সবুজের প্রতি ভালোবাসা থেকেই গড়ে উঠতে পারে জলবায়ু সহনশীল, সচেতন ও টেকসই আগামী বাংলাদেশ।(অনলাইন)