উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা দূর করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় যুবসমাজের ভূমিকা জোরদারের লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।রোববার দেবীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট ফোর্স বিডি আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি প্রতিনিধি ও যুব সংগঠনের সদস্যরা অংশ নেন।সভায় নারীর প্রতি সমাজে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন, বাল্যবিবাহ, শিশুশ্রম, মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা প্রতিরোধে যুবসমাজের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনায় বক্তারা বলেন, নারী ও পুরুষের ভূমিকা নিয়ে সমাজে প্রচলিত নানা ধারণা অনেক সময় বৈষম্য ও অসম সুযোগের কারণ হয়ে দাঁড়ায়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে পুরুষদের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করাও প্রয়োজন। একই সঙ্গে সামাজিক অপরাধ ও ক্ষতিকর প্রথা প্রতিরোধে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহ, সিনিয়র সাংবাদিক হরিশ রায়, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার পরিচালক শেখ ফরিদ, দেবীগঞ্জ রিভার ভিউ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবুল কালাম আজাদ, দেবীগঞ্জ উপজেলা এনসিপি নেতা ও সাংবাদিক মাসুদ পারভেজ, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও দেবীগঞ্জ কেজি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউথ ট্রেইনার আরিফ বিল্লাহ এবং দেবীগঞ্জ উপজেলা ইউথ লিডার ও স্টুডেন্ট ফোর্স বিডির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরসহ ইউথের সদস্যরা উপস্থিত ছিলেন।‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পটি জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য যুব ও নারীদের জীবনকে প্রভাবিতকারী ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগকে উৎসাহিত করা।সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জেন্ডার বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।