উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মেকাইল শেখ (২৫) ও রিফাত তাজকে (১৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন— রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০) ও সাদেক মোল্লা (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দ্রা-রাধাগঞ্জ গ্রামের যুবকদের উদ্যোগে ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রোববার টুর্নামেন্টের সেমিফাইনালে চৌরখুলী একাদশ বনাম উত্তরপাড়া একাদশের খেলা চলাকালীন উত্তরপাড়া দলের এক খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দেখান। এ নিয়ে উত্তরপাড়া দলের খেলোয়াড়দের সঙ্গে রেফারি ও আয়োজক কমিটির লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে।
উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম অভিযোগ করেন, খেলার মাঠে চৌরখুলী একাদশের এক খেলোয়াড় তাদের দলের এক সদস্যকে কিল-ঘুষি মারেন। এর প্রতিবাদ করায় আয়োজক কমিটির লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় তাদের অন্তত ১০ জন সমর্থক ও খেলোয়াড় আহত হন।
অন্যদিকে, মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কাউকে মারধর করিনি। খেলা দেখতে আসা সাধারণ দর্শকরাই এ ঘটনায় জড়িত। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।