উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পামুলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের ওপর একটি কালভার্ট প্রায় দুই বছর ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। মাত্র কয়েক বছর আগে নির্মিত কালভার্টটির মাঝের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী শিক্ষার্থীসহ হাজারো মানুষ দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।সরেজমিনে দেখা যায়, কালভার্টটির ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। কালভার্টটি থেকে মাত্র ১০০ গজ পূর্বেই অবস্থিত পামুলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান বাবু মণিভূষণ রায়-কে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে দাবি এলাকাবাসীর। এমনকি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিও বিষয়টি চেয়ারম্যানকে অবগত করেছেন বলে জানান।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদল সভাপতি সুমন প্রধান বলেন, কালভার্টটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।স্থানীয়দের প্রশ্ন, বারবার জানানোর পরও কেন নেওয়া হচ্ছে না কালভার্টটি সংস্কারের উদ্যোগ? বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত এর সমাধান চান এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ।শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কালভার্টটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা