উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চককরিম হিন্দুপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিশু চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্রের বিরুদ্ধে আল্লাহকে গালিগালাজ এবং পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর কথাবার্তা বলার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, সোমবার সন্ধ্যার পর ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে সৌরভ চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁর বাবা বিশু চন্দ্র, কাকা জগদীশ চন্দ্র ও সৌরভ চন্দ্রের ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনার খবর পেয়ে রংপুরের পুলিশ সুপার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন ও তদন্ত করছেন।এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।প্রশাসনের প্রতি আহ্বানধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নেওয়া, বাড়িঘরে হামলা, ভাঙচুর কিংবা লুটপাটের মতো কর্মকাণ্ডেরও সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।