উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশালে ‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’-এর উদ্যোগে জমজমাট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় ত্রিশালের দুখুনিয়া বিদ্যানিকেতন বটতলা মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় মুখোমুখি হয় সংগঠনটির দুটি শক্তিশালী দল—পৌর শাখা ও হরিরামপুর শাখা। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।সংগঠনটির সভাপতি আল মাসুম (রায়হান) জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।