উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘এসো তরুণ, এসো যুবক, আমরা গড়ি আলোকিত আগামীর গ্রাম’—এই উদ্দীপনামূলক প্রত্যয়কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১৫০ জন কৃতী ও গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’-এর বাস্তবায়নে এবং ‘বড়ইহাটি সততা প্রবাসী কল্যাণ ক্লাব’-এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা আহমেদ শুভ্রা (গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী)।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলীউর শেখ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিত কুমার বিশ্বাস। দিগনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক হাওলাদারের সঞ্চালনায় এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, সফল কৃষক, ব্যবসায়ী, মেধাবী শিক্ষার্থী, পরিশ্রমী নারী, স্বাস্থ্যকর্মী ও প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষা, কৃষি, ব্যবসা, স্বাস্থ্য ও সমাজসেবাসহ গ্রামীণ উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মোট ১৫০ জন কৃতী ব্যক্তিত্বকে বিশেষভাবে সম্মানিত করা হয়। আয়োজকেরা জানান, এ ধরনের স্বীকৃতি সমাজসেবায় অবদান রাখা মানুষদের কাজকে মূল্যায়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক, সৃষ্টিশীল ও উন্নয়নমূলক কাজে অনুপ্রেরণা জোগাবে।
স্থানীয় সুধীজনের মতে, এই উদ্যোগটি গ্রামীণ পর্যায়ে সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে গ্রামভিত্তিক উন্নয়নের একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে।
দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিকতা শেষে ‘সরলা শিল্পগোষ্ঠী’-র পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।