উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদী থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ, চালু হচ্ছে মহানগর এক্সপ্রেসআগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস। এর ফলে প্রথমবারের মতো নরসিংদীসহ যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাবেন।বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, বর্ধিত এই সেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। যাত্রীরা শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থে ভ্রমণের সুবিধা পাবেন।বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। তবে এসব ট্রেনের মতো বিরতিহীন না হয়ে মহানগর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে চলবে। নতুন সময়সূচিতে ট্রেনটি কুমিরা স্টেশনে থামবে না।মহানগর এক্সপ্রেসের এই সেবা চালু হলে নরসিংদীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের কক্সবাজার ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।