উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের সাতটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলোর সদস্যরা এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে স্টেশন-সংলগ্ন ষোলহাসিয়া গ্রামের একটি আবাসিক বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়িটির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। আগুনের তীব্রতায় একের পর এক কক্ষ পুড়ে যায়। এতে বাড়িটির সাতটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘরে থাকা নগদ অর্থ, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, পোশাকসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে যায়।খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি।গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বসতঘর ও নিত্যপ্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারগুলোর সদস্যরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।