উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও আসছে শারদীয় দুর্গোৎসব। চারদিকে সাজসাজ রব, মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৯০টি পূজামণ্ডপে চলছে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ।ইতোমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। অন্যদিকে, তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা। সব মিলিয়ে উৎসবকে বরণ করে নিতে মণ্ডপগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।এদিকে, দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নির্বিঘ্নে উৎসব উদযাপনে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারে কাজ করছেন সংশ্লিষ্টরা।টুঙ্গিপাড়া উপজেলার পূজামণ্ডপগুলোর পুরোহিতদের মতে, এবার দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে এবং গমন হবে নৌকায়। দেবীকে বরণ করে নিতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজার আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষায় রয়েছেন ভক্ত ও দর্শনার্থীরা।সব প্রস্তুতি শেষে এখন অপেক্ষা শুধু ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার।